বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট পরিশোধ কে করবে? এবার তা নিয়ে প্রশ্ন তুলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা। তারা বলছেন, সরকারের আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট যদি শিক্ষার্থীরা না দেয়, তাহলে কে দেবে এই ভ্যাট?
রাজধানীর গুলশান ক্লাবে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতি এমন প্রশ্ন তুলে।
যদিও ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাট শিক্ষার্থীরা নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদান করবে। এর আগে একইদিন জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে জানানো হয়, ভ্যাট শিক্ষার্থীরা নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিশোধ করবে।
সরকারের এমন অবস্থানের পর শুক্রবার ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘সরকার জানিয়েছে যে, ‘শিক্ষার্থীদের ওপর কোনো ভ্যাট নেই’। তাহলে বাজেটে যে ভ্যাট আরোপ করা হয়েছে সেটা কে পরিশোধ করবে?’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ভ্যাট প্রত্যাহারের আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে শেখ কবির বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত হয়। বাজেটে কিংবা এনবিআরের আইনে ট্রাস্টি বোর্ড ভ্যাটের আওতামুক্ত। আমরা এনবিআরের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।


