বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তাদের দাবিতে আজও অনড় অবস্থানের কথা জানান দিয়েছে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের মধ্য দিয়ে। রাজধানীসহ চট্টগ্রাম,রাজশাহী,ও সিলেটে বিক্ষোভ,মানববন্ধন ও সড়ক অবরোধ করে জানিয়েছে ‘গুলি কর, ভ্যাট দেব না।
টিউশন ফি’র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা শনিবার রাজধানীর বেশকটি এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
রাজধানীর কলাবাগান ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। সকালে টিউশন ফি’র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর ধানমণ্ডিতে মানববন্ধন ও খণ্ড খণ্ড মিছিল করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারন্যাটিভ (ইউডা), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ বেশ কয়েকটি ইউনির্ভাসিটি ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সেখানে কোনো ধরনের ক্লাস ও পরীক্ষা হচ্ছে না।
আজকের কর্মসূচি প্রসঙ্গে ‘নো ভ্যাট অন এডুকেশন’ মুখপাত্র ফারুক আহমাদ আরিফ বলেন, সারাদেশ থেকে খবর পেয়েছি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজেগুলোতে ক্লাস বন্ধ রয়েছে। সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘট পালন করছেন শিক্ষক ও ছাত্ররা।
ছাত্রধর্মঘট চলবে আগামী সোমবার পর্যন্ত। শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাড্ডার বাশবাগান এলাকা ও সাভারের গণবিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্ররা বিক্ষোভ ও সমাবেশ করছে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


