রাজশাহীতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৬ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টায় পবা উপজেলার নাওহাটায় তাদের আটক করা হয়। পুলিশের অভিযোগ, আটকরা গোপন বৈঠক করছিলেন।
আটকরা হলেন- পবা উপজেলা বিএনপির সহসভাপতি ও রাজশাহী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি মাইনুল হোসেন পান্না, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্য মঞ্জুর সাদাত বাবু, জেলা ছাত্রদল সদস্য শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক সুলতান আলম রাসু এবং নাওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল।
পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শুক্রবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নাওহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটিতে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এ সময় রফিক ও তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।


