বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ইরান: আসছেন পররাষ্ট্রমন্ত্রী

iran-FMইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ বুধবার বাংলাদেশ সফরে আসছেন। পরমাণু কর্মসূচি হ্রাসের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির সঙ্গে চুক্তির পর পরিবর্তিত পরিস্থিতিতে চীন সফর শেষে বেইজিং থেকে সরাসরি ঢাকা আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সফরকালে জাভাদ জারিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরমাণু চুক্তির বিষয়ে অবহিত করার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করবেন।

সম্প্রতি নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ ও জার্মানি এই ছয়জাতির সঙ্গে পরমাণু কর্মসূচি হ্রাস বিষয়ে এক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র, ইউরোপিয় ইউনিয়ন ও জাতিসংঘ ইরানের ওপর থেকে আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়েছে।

ইরান এই চুক্তিতে ‘উইন-উইন’ অবস্থা হিসেবে বিবেচনা করছে।

এছাড়া সফরকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।

এই সফরে তেল ও গ্যাস সমৃদ্ধ ইরানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ‘ভ্রাতৃত্বমূলক’ নতুনভাবে শুরুর আশা করছেন ঢাকা।

আরও পড়ুন