শূন্য ঘোষিত টাঙ্গাইল-৪ আসনে অক্টোবরের শেষ সপ্তাহে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন (ইসি) সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২৯ অথবা ৩১ অক্টোবর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার কমিশনসভা আহ্বান করা হয়েছে। বুধবার তফসিল ঘোষণা করা হবে।
গত ১লা সেপ্টেম্বর টাঙ্গাইল-৪ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী ২৯ নভেম্বরের মধ্যে এ নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে ইসির। কিন্তু নভেম্বর মাসজুড়ে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা রয়েছে। এছাড়া ২২ অক্টোবরের পর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ফলে পূজা ও পরীক্ষার ফাঁকে টাঙ্গাইল-৪ আসনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি পর বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার পর সংসদ সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হন দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আবদুল লতিফ সিদ্দিকী। হারান মন্ত্রিত্ব এবং বহিষ্কার হন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে।


