বুধবার ৪ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ লুটপাট আর দখলবাজিতে ব্যস্ত: প্রধানমন্ত্রীর বিশেষ দূত

ershad---------rongsদেশে আজ সবকিছুই স্তব্ধ হয়ে গেছে ক্ষমতা ও বলতন্ত্রের কাছে। ভয়াবহ দুর্বিষহ জীবন-যাপন করছে দেশের মানুষ। কারোর জীবনেই স্বস্তি নেই। ক্ষমতা ও বলতন্ত্রের কাছে জনগণ আজ জিম্মি। এসব মন্তব্য খোদ প্রধানমন্ত্রীর বিশেষদূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের। এসময় বিএনপিকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, তারা এখন শিয়ালের গর্তে পালিয়েছে। আর এ সুযোগে আওয়ামী লীগ লুটপাট আর দখলবাজিতে ব্যস্ত।

রোববার দুপুরে যশোর জিলা স্কুল অডিটরিয়ামে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ এসব মন্তব্য করেন।

সাবেক রাষ্ট্রপতি বলেন, দেশে এমনই সুশাসন চলছে যে, মায়ের গর্ভে থাকা শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তাদেরও গুলিতে আহত হতে হচ্ছে। দিনে-দুপুরে শিশুকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আর এসব গর্হিত কাজের সঙ্গে যারা জড়িত, ক্ষমতাসীন হওয়ায় তারা সবকিছু থেকে পার পেয়ে যাচ্ছে।

এরশাদ তার শাসনামলের গুণগান গেয়ে বলেন, দেশটাকে বিএনপি-আওয়ামী লীগই ধ্বংস করেছে। আমার আমলের রাস্তাঘাট সব ধ্বংস করে জনগণের চলাচলের পথ রুদ্ধ করা হয়েছে। দেশের এ অবস্থা থেকে উত্তরণে আজ জাতি আমাদের দিকে চেয়ে আছে। এজন্য দেশ ও দেশের গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় পার্টি ছাড়া এখন আর কেউ মাঠে নেই। অসহায় জনগণের পাশে একমাত্র আমরাই আছি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে এরশাদ বলেন, আমরাও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাই। তিনি বাংলাদেশের একজন মহান নায়ক। তবে তাঁর মৃত্যু দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে তা মেনে নিতে বড় কষ্ট হয়। এদেশের ব্যবসায়ীরা ১৫ আগস্ট উপলক্ষ্যে কী পরিমাণ চাঁদা দিয়েছে সেটি হয়তো আপনি জানেন না।

তিনি আরও বলেন, দেশে এখন এককেন্দ্রিক সরকার চলছে। পৃথিবীর কোথাও এমন সরকারের নজির নেই। ১৬ কোটি মানুষের প্রতিনিধি একজন হতে পারেন না। দেশের জনগণের সুবিধার্থে প্রাদেশিক সরকার গঠন করতে হবে।

বক্তব্য শেষে শরিফুল ইসলাম সরু চৌধুরীকে সভাপতি ও মিনহাজুল আবেদিনকে সাধারণ সম্পাদক করে যশোর জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে নেতৃবৃন্দকে নির্দেশ দেন।

জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সরু চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আলহাজ্ব তাজ রহমান ও যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

আরও পড়ুন