বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘দেশে এখন হিংসার রাজনীতি চলছে’

ershasd---দেশে এখন হিংসার রাজনীতি চলছে। হিংসার রাজনীতি শুরু করেছিল বিএনপি। হিংসার কারণে বিএনপি আজ ধ্বংস হয়ে গেছে। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

সোমবার দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা জেলা জাতীয় পার্টির (এ) দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন এরশাদ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, নেতাকর্মীরা আজ খালেদা জিয়ার পাশে নেই। তার দলের সাবেক মন্ত্রী-এমপিরা জেলখানায় ধুঁকে ধুঁকে মরছে। তিনিও খুব শীঘ্রই জেলে যাবেন। আর কীভাবে বের হবেন সে জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

খুলনা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সাহিদুর রহমান, তাজ রহমান, যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূইয়া, সাবেক সংসদ সদস্য শেখ আবুল হোসেন, খুলনা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম মধু, সাবেক সংসদ সদস্য একেএম মোক্তার হোসেন, মোল্লা মুজিবর রহমান প্রমুখ।

আরও পড়ুন