বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্যাংক কর্মকর্তা হত্যা: ফাঁসি ১, যাবজ্জীবন ১

1417337225ব্র্যাক ব্যাংকের সাবেক এক কর্মকর্তা হত্যা মামলায় এক আসামির ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া এ মামলায় আরো এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সোমবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এই রায় দেন। রায়ে উভয়কে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত আসামিকে অতিরিক্ত ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলাটির অপর ২ আসামি ইদুল ও ফারুক হোসেনকে হত্যার আলামত নষ্ট করার অপরাধে ৫ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, আব্দুল মজিদ ডালিম এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম জাহাঙ্গীর। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ডালিম ও জাহাঙ্গীর আটক রয়েছেন। তবে অপর ২ আসামি পলাতক রয়েছেন।

২০১১ সালের ১৬ সেপ্টেম্বর পূর্বপরিচিত আব্দুর মজিদ ডালিমের ফোন পেয়ে ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার সাবেক কর্মকর্তা টিএম মেহেদী মাসুদ তার প্রাইভেটকারে সাভারের জামগড়ায় যান। আসামিরা তাকে গাড়িতে করে টাঙ্গাইল নিয়ে যায় এবং গলায় গামছা পেঁচিয়ে মেহেদীকে হত্যা করে। এরপর আসামিরা তার লাশ শুভুল্যা ব্রিজের নিচে ফেলে দিয়ে গাড়ি নিয়ে ঢাকার দিকে আসার পথে সাভারের বাইপাস চেকপোস্টে গাড়ি রেখে পালিয়ে যায়।

২০১১ সালের ১৭ সেপ্টেম্বর পানিতে ভাসমান লাশ উদ্ধার করে মির্জাপুর থানার পুলিশ। এ ঘটনায় মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন বাদী হয়ে মামলাটি করেন। ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল সোমবার এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন