তুরস্কের উপকূলের কাছে অভিবাসন প্রতাশীদের নৌকা ডুবে অন্তত ২২ জনের মুত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। মঙ্গলবার তুরস্কের উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় এক নৌকাডুবির ঘটনা ঘটে।
তুর্কি সংবাদমাধ্যম দোগান জানিয়েছে, নৌকাডুবির পর দেশটির কোস্টগার্ড ২০৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। এরা তুরস্কের উপকূলীয় শহর ডাটকা থেকে দক্ষিণ-পশ্চিমে গ্রিসের কোস দ্বীপে যাচ্ছিল।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীরা কোন দেশের নাগরিক তা কর্তৃপক্ষ জানাতে পারেনি। উদ্ধার তৎপরতা এখনো চলছে। গত ২ সেপ্টেম্বর তুরস্কের পূর্বাঞ্চলীয় সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয় আয়লান কুর্দি নামের এক সিরীয় শিশুর মৃতদেহ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


