বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘তোমরা আন্দোলন করতে জানো, তোমাদের অভিনন্দন’

0,,18708339_303,00ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ সরকারের পক্ষ থেকে সরাসরি ঘোষণা আসার আগেই শুরু হয়ে যায় উল্লাস প্রকাশ আর অভিনন্দন জানানো৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানিয়েছেন অনেকে৷ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি-র ওপর আরোপ করা ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে জোরদার আন্দোলন শুরু করে৷ সোমবার মন্ত্রী পরিষদ বৈঠকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে – এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হবার পর রাজধানীর সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়৷

রবিবার থেকেই অবশ্য ভ্যাট প্রয়োগ নিয়ে সরকারের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল৷ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিনে পরস্পরবিরোধী মন্তব্য করে জনমনে বিভ্রান্তি এবং শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বাড়ালেও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রবিবার বলেন, সরকার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে দেখছে৷

বিএনপিসহ দেশের অন্যান্য দল আগেই শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিল৷ ক্ষমতাসীন দলের মধ্যেও ভ্যাট আরোপের বিষয়ে ব্যাপক অসন্তোষ ছিল৷ গণমাধ্যমেও এসেছে সে খবর৷অবশেষে সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে৷ সেই সঙ্গে শুরু হয়েছে শিক্ষার্থীদের উল্লাস৷ আন্দোলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অনেকে৷

তবে এবারের এই আন্দেলনে পুরোনো একটা সত্য আবার প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ এবং মন্তব্যের মাধ্যমে৷ যে কোনো সংকটে সবাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, সিদ্ধান্ত অথবা পদক্ষেপের অপেক্ষায় থাকেন, তা বোঝা গেল আবার৷ গণমাধ্যম জানাচ্ছিল, আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকে প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে আছেন৷ জাতীয় দৈনিকে কলাম লিখে শিগগিরই ভ্যাট প্রত্যাহারের উদ্যোগ নেয়ার অনুরোধ জানানো হয়েছে শেখ হাসিনাকে৷

উত্তরায় আন্দোলন চলার সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করে ভ্যাট প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানিয়েছে বলেও খবর ছাপা হয়েছে৷ খবর অনুযায়ী সেখানে শিক্ষার্থীরা বলেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হিসেবে পরিচিত৷ তিনি বিভিন্ন সময় জনদাবি মেনে নিয়েছেন৷ আমরা সব শিক্ষার্থীরা তার সন্তানের মতো৷ তিনি আমাদের মায়ের মতো৷ আমরা বিশ্বাস করি, তিনি আমাদের আবেদন রাখবেন৷ সন্তানদের ওপর থেকে করের বোঝা প্রত্যাহার করবেন৷’’ ভ্যাট প্রত্যাহারের খবর জানার পর তাই টুইটারে শেখ হাসিনাকেও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন অনেকে৷-ডিডাব্লিউ।

আরও পড়ুন