পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে বরিশাল নগরী থেকে প্রকাশিত দুটি পত্রিকার কথিত দুই ‘সাংবাদিককে’ তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাসপোর্ট অফিসের সামনে স্টেশনারি এবং পেট্রলিয়াম দ্রব্য বিক্রিকারী দুই দোকানিকেও জরিমানা করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী হাকিম এই দণ্ড ও জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত স্থানীয় ‘দৈনিক দেশজনপদ’ পত্রিকার নাহিদ হোসেন ও ‘দৈনিক সত্যসংবাদে’র আরিফুল ইসলাম। উভয়ে ওই দুই পত্রিকার নিজস্ব প্রতিবেদক বলে দাবি করেছে।
একইদিনে পাসপোর্ট অফিসের সামনে ফটোকপির দোকানি সোহেল ও রুবেলকে আড়াই হাজার করে এবং গ্যাস সিলিন্ডার ও পেট্রল বিক্রিকারী আবুল হোসেন ও আইয়ুব আলীর কাছ থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে আটক স্থানীয় ‘দৈনিক ভোরের অঙ্গীকার’ পত্রিকার নিজস্ব প্রতিবেদক পরিচয়দানকারী মো. ইমরান হোসেনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. নাসিরউদ্দিন জানায়, ওই তিন সাংবাদিক নগরীর নথুল্লাবাদ এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসে বিভিন্ন লোকজনের কাছ থেকে নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা আদায় করে সাংবাদিকতা পরিচয়ে পাসপোর্ট করে দেয়। এই অভিযোগের ভিডিও ফুটেজ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মাহমুদা সুলতানা দেখে ওই তিনজনকে আটক করার নির্দেশ দেন। পরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাদের পাসপোর্ট করার ফরমসহ আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত অভিযোগের ভিত্তিতে দুটি ফটোকপির দোকানে অভিযান চালায়। সেখান থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ জালিয়াতির বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে।


