বাল্য বিয়ের দায়ে হুমায়ুন কবির নামে এক কাজীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে।
মঙ্গলবার দুপুরে ডিবির বিশেষ টিম তাকে ইলিশা ইউনিয়ন থেকে আটক করে নিয়ে আসে। পরে বাল্য বিবাহ নিরোধ আইন-১৯২৯ এর ধারা-৫ মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তোফায়েল হোসেন এই রায় দেন।
জানা যায়, গত ১ মাস আগে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের কালু মোল্লার মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মমতাজের সাথে একই এলাকার বজলুর রহমান হাওলাদারের ছেলে তাকবির হাওলাদার সঙ্গে ভুয়া জন্ম নিবন্ধনের মাধ্যমে কাজী হুমায়ুন কবির বিয়ে আয়োজন করেন।


