বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, আবেগ নয়; গত ছয় মাসের পারফর্মেন্সের ধারাবাহিতা ধরে রেখে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব।
সোমবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। পাশাপাশি বাংলাদেশ সফরের জন্য অজি দলে কয়েকজন সিনিয়রকে না রেখে দল ঘোষণা হলেও প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া সবসময়ই শক্তিশালী বলেও মনে করেন অভিজ্ঞ এই টাইগার।
অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত এলিট ক্যাম্পের বেশির ভাগ ক্রিকেটার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে গেলেও বাকীদের নিয়েই এদিন ইনডোরে অনুশীলনে নেমে পড়েন কোচ হাথুরুসিংহে। সংখ্যায় কম হওয়ায় কোচের নজর ছিলো এদিন সাকিব-মুশফিকদের ব্যাটিং অনুশীলনকে ঘিরেই।
বোলারদের দিয়েও নেটে ব্যাটিং প্রাকটিস করান বাংলাদেশের ক্রিকেট বদলে দেয়ার নায়ক শ্রীলঙ্কান হাথুরুসিংহে। বিশেষ করে বিশ্বকাপ ও তারপর কয়েকটি হোম সিরিজে প্রতিপক্ষকে নাকানিচুবানি খাওয়ানোয় টাইগাররা এখন দারুণ আত্মবিশ্বাসী। যা মুশফিকের কণ্ঠে স্পষ্ট শোনা গেলো।
এদিকে ইনজুরি ও বিশ্রাম দেয়ার কারণে কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরের আসছে তরুণ অস্ট্রেলিয়া দল।
মুশফিকের মতে, অস্ট্রেলিয়া সবসময়ই শক্তিশালী। দলে কে আছে আর কে নেই সেটা টাইগারদের কাছে মুখ্য বিষয় নয়। সিরিজে ভালো করতে হলে বোলারদের বোল হাতে পারফর্ম ছাড়াও ব্যাট হাতে লম্বা ইনিংস খেলতে হবে বলে মনে করেন বগুড়ার ছেলে মুশফিক।


