শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে ভক্ত-অনুরাগীদের অশ্রুজলে ভাসিয়ে চিরবিদায় নিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। বুধবার বিকেল ৫টা ৩ মিনিটে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজারে বাবা-মায়ের কবরের পাশেবাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।
এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাইয়ুম সিদ্দিকী।
তারও আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর কফিনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
সকালে মহসিন আলীর কফিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হলে সেখানে এই মুক্তিযোদ্ধার প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সন্মান। পুলিশের একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার দেয়। এরপর রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা প্রয়াত এই রাজনীতিবিদের প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে সেখানেই মহসিন আলীর জানাজা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, সংসদ ভবন প্রাঙ্গণে জানাযা শেষে মহসিন আলীর মরদেহ হেলিকপ্টারে করে তার জেলা মৌলভীবাজারে নিয়ে যাওয়া হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৯ মিনিটে মারা যান মহসিন আলী। ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদ নিউমোনিয়া ও হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তার মরদেহ দেশে আনার পর রাতে কফিন রাখা হয় মিন্টো রোডে তার সরকারি বাসায়। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সোয়া ৮টায় তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
প্রধান বিচারপতি এস কে সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, কবি আবদুস সামাদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু কাওসার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
একাত্তরে সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন মহসিন আলী। সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটি ও মুক্তিযোদ্ধা কাউন্সিলেরও সদস্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের এই সদস্য।
১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন মহসিন। মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনবার। ২০০৮ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মহসিন আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আর গতবছর দশম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার পর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শেখ হাসিনা।


