বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বিচারপতি শামসুদ্দীন চৌধুরী এক্সট্রিমলি রং হেডেড’

bnp logoপ্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে বিদায়ী বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিকের চিঠি দেওয়ার ঘটনা দেশের বিচার ব্যবস্থায় বিরল ও বাজে নজির বলে মন্তব্য করেছে বিএনপি। বলেছে, মানিক এক্সট্রিমলি রং হেডেড।

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ মন্তব্য করেন।

রিপন বলেন, চিঠিতে বিচারপতি মানিক প্রধান বিচারপতির বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তার চেয়ে অনেক গুরুতর অভিযোগ তার নিজের ক্ষেত্রে প্রযোজ্য। তার দুর্বিনীত মনোভাব ও ঔদ্ধত্য এমন পর্যায়ে পৌছে গিয়েছিল যে, তিনি ধরাকে সরা জ্ঞান করতেন। তার এই চিঠি দেয়ার উদ্দেশ্য প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুন্ন করা। এ চিঠি বিচারপ্রার্থীদের প্রধান বিচারপতি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি শুধু একজন ব্যক্তি নয়, একটি ইনস্টিটিউশন। তিনি কোন ধর্মের লোক তা বিবেচ্য নয়। তাকে অপদস্থ করা, তার ভাবমূর্তি ক্ষুন্ন করা দেশের বিচার বিভাগের ইতিহাসে একটি বিরল ঘটনা। এটা কারও কাম্য নয়।

বিএনপির এই মুখপাত্রের দাবি, বিএনপি ক্ষমতায় থাকাকালে বিচারপতি মানিকের বিষয়ে খোঁজখবর করেছিল। বিএনপি বুঝতে পেরেছিল তিনি এক্সট্রিমলি রং হেডেড। যে কারণে সে সময় মানিককে চাকরিতে স্থায়ী করা হয়নি। তিনি বলেন, এই অভিশংসন দাবির মাধ্যমে প্রধান বিচারপতির কাছে বিচার প্রার্থীদের মধ্যে নেতিবাচক ধারণা প্রথিত করার চেষ্টা করা হয়েছে। প্রধান বিচারপতিকে নিয়ে এ রকম মন্তব্য বিচার ব্যবস্থার ওপর বড় আঘাত। তিনি বলেন, চোখ বন্ধ করলেই প্রলয় থামানো যায় না। সরকারের উচিত বিরোধী দলকে দমনের চেষ্টা বাদ দিয়ে সরকারের ভেতর যেসব খারাপ ব্যক্তি রয়েছে তাদেরকে ড্যামেজ করে দেয়া।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন