জমি দখলকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর গ্রামে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সামসুদ্দিন সরদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে জুয়েল ঢালী, সুজল ঢালী, সাইদুল সরদার, মাহফুজা বেগমের নাম জানা গেছে। এর মধ্যে জুয়েল ঢালী ও সুজল ঢালীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, রুদ্রকর গ্রামের আজহার ঢালীর সঙ্গে একই এলাকার জালাল সরদার ও নুরু সরদারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিকেলে জালাল সরদার ও নুরু সরদার লোকজন নিয়ে বিবাদমান জমিতে ঘর তুলতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের মধ্যে জুয়েল ঢালী ও সুজল ঢালীকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পালং থানার উপ পরিদর্শক (এসআই) এমারৎ হোসেন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন।


