বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফরিদপুরে আইনজীবীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

foridpurফরিদপুর জজ কোর্টের নিউটন চৌধুরী (৩১) নামে এক আইনজীবীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পেশাগত কাজ শেষে কোর্ট থেকে বাড়ি ফেরার পথে ঝিলটুলীর অনাথের মোড় এলাকায় তিন যুবক তাকে কুপিয়ে আহত করে। আহত আইনজীবীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনজীবী নিউটন চৌধুরীর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার মোস্তফাপুর গ্রামে। তিনি ওই গ্রামের ক্ষিতিশ চন্দ্র চৌধুরীর পুত্র।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আহত নিউটন চৌধুরীর সহকর্মী অ্যাডভোকেট অলোকেশ রায় জানান, অনাথের মোড় এলাকায় একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে নিউটনকে বহনকারী রিকশাকে থামায়। এরপর একজন যুবক তাকে ক্ষুর জাতীয় একটি অস্ত্র দিয়ে কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তার সহকর্মী ও পরিবারের লোকজন এসে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস জানান, আহত আইনজীবীর ক্ষতস্থানে ৪৫টির মতো সেলাই লেগেছে। তার পায়ে ও হাতে জখম আছে। তার অবস্থা এখন স্থিতিশীল।

আহত আইনজীবীর মামা অ্যাডভোকেট ধনঞ্জয় বল জানান, নিউটন চৌধুরী আমার বাড়িতে থেকে আমার জুনিয়র আইনজীবী হিসেবে কাজ করছে। আমার জানা মতে কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই। আহত অবস্থায় সে জানিয়েছে, হামলাকারী কাউকে সে চিনতে পারেনি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন