নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী র্যাবের হাতে আটক হয়েছে। পলাতক জেএমবি সদস্য মেহেদী হাবিব মো. রফিককে বুধবার দিবাগত রাত ১২টার দিকে গাজীপুর জেলার বোর্ড বাজার বটতলা এলাকার হাজী মতিউর রহমানের বাসা থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এনামুল আরিফ সুমন র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আরও জানান, আটক মেহেদী আত্মগোপনে থেকে জেএমবির সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিলেন। তিনি জামালপুর সদর থানার ইকবালপুর এলাকার কফিল উদ্দিনের ছেলে।
লে. কর্নেল এনামুল জানান, আটককৃত জঙ্গি রফিকের বিরুদ্ধে ময়মনসিংহ জজকোর্টসহ একাধিক স্থানে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছিল। তিনি এসব মামলার পলাতক আসামি।


