কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দগ্ধ হয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য কনস্টেবল আব্দুল আজিজ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আমজাদের বাজার সংলগ্ন সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অগ্নিদগ্ধ পুলিশ সদস্যরা হলেন- এসআই আব্দুল মালেক (৩৫), কনস্টেবল শরিফুল ইসলাম (৩২), আনোযার হোসেন (৩৮), নুরুল ইসলাম (৩৭)। আর অগ্নিদগ্ধ আসামীরা হলেন সাদ্দাম হোসেন (২৫), নাজিমউদ্দিন (৪০), শওকত হোসেন (৩০), আবদুস শুকুর (৫০) ও বশির উদ্দিন (৩৫)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ জানান, ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একাটি টিম চট্টগ্রামে অভিযান শেষে ঢাকায় ফেরার পথে মহাসড়কের উপজেলার সুজাতপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট- ১১-৯০৯৪) তাদের বহনকারী মাইক্রোবাসটিকে (ঢাকা মেট্টো-ছ-৫৩-৪২০৬) ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। আর আহত হয়েছেন ৫ পুলিশসহ ৪ জন আসামি। অগ্নিদগ্ধদের বিষয়ে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক প্রার্থশঙ্কর পাল জানান, মালেকসহ আরো চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।


