তথ্য-প্রযুক্তি আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র আঞ্চলিক প্রধান মাহমুদুর রহমান অভিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে রাজশাহী মেট্রোপলিটন আদালতে অভিকে হাজির করে তার সাতদিনের রিমান্ডের আবেদন করে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৬ সেপ্টেম্বর বুধবার রাতে র্যাব হিযবুতের আঞ্চলিক প্রধান অভিকে আটকের পর তাকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনের (পিবিআই) পরিদর্শক আনোয়ার আলী বাদী হয়ে অভির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে মহানগরীর তেরোখাদিয়া এলাকা খেকে তাকে আটক করে পুলিশ।
এদিকে রাজশাহী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনের (পিবিআই) পরিদর্শক আনোয়ার আলী জানান, তার কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করা হয়েছে। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত।
পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীরের দাবি, গত ছয়মাস ধরে মাহমুদুর রহমান অভির ওপর নজরদারি রাখছিল তাদের বিশেষ আইসিটি ইউনিট। জঙ্গি সংগঠন আইএস’র সঙ্গেও যোগাযোগ আছে তার।


