চারপাশে মানুষের ভিড়। লোকজন বলছে, এবার গাবতলী গরুর হাটে এখন পর্যন্ত আসা এটাই সেরা গরু। দাম হাঁকা হচ্ছে নয় লাখ টাকা। গরুটির গায়ের রং সাদা। গলায় ঝুলছে ফুলের মালা।
শুক্রবার গরুটির মালিক আকরাম হোসেন বলেন, ‘গরুটি নয় লাখ টাকায় বিক্রি করতে চাই। ১০-১২ জন ক্রেতা এসেছে। তারা চার লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত দাম বলেছে। তবে ছয় লাখ টাকার নিচে বিক্রি করব না।’
কুষ্টিয়া থেকে আসা আকরামের তথ্যমতে, গরুটি নিজে পুষেছেন। মোটাতাজাকরণের কোনো ট্যাবলেট খাইয়ে গরুটি বড় করেননি। এই গরু ব্যবসায়ী বিক্রির জন্য আরও চারটি গরু নিয়ে এসেছেন।
গরু কিনতে আসা ব্যবসায়ী রাজু বলেন,গরুটি নয় লাখ টাকা দাম চাওয়া হয়েছে। আমার মনে হয়, গরুর ব্যাপারী অনেক বেশি দাম হাঁকছেন।’
এদিকে কোরবানি ঈদ উপলক্ষে রাজধানীর পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু, ছাগল, মহিষ আসতে শুরু করেছে। প্রচণ্ড গরম আর যাত্রাপথের ধকলে নাস্তানাবুদ পশুগুলো। এর মধ্যে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গরুর হাটে সিরাজগঞ্জের একজন গরু বিক্রেতার তিনটি গরু মারা গেছে। এ নিয়ে উদ্বিগ্ন অন্য গরু ব্যবসায়ীরা।


