রাজধানীর তেজগাঁও এলাকায় জালনোট ও জাল রেভিনিউ ষ্ট্যাম্প বিক্রয়কারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত সোয়া নয়টায় ওই এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (ডিবি) তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে মোট ১৮ লাখ ২৪ হাজার টাকা মূল্যের জালনোট ও রেভিনিউ ষ্ট্যাম্প উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আ. রাজ্জাক মল্লিক, রমজান মুন্সি ও সেন্টু ইসলাম ওরফে তসলিম।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্যটি জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) মুনতাসীরুল ইসলাম। আরও জানান, শুক্রবার রাত সোয়া নয়টায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জালটাকা ও জাল রেভিনিউ ষ্ট্যাম্প বিক্রয়কারী চক্রের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।
ডিএমপির ডিসি মুনতাসীরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আ. রাজ্জাক মল্লিক জানান, তার সহযোগী পলাতক আসামিদের পরস্পর যোগসাজশে তারা জালনোট ও জাল রেভিনিউ ষ্ট্যাম্প প্রস্তুতকারী মুল হোতা মো. মামুনের কাছ থেকে দীর্ঘ প্রায় ৫/৬ বছর জালনোট ও জাল রেভিনিউ ষ্ট্যাম্প ক্রয় করে আসছিল। পরবর্তীতে তারা ঢাকা মহানগর ও আশপাশের জেলার বিভিন্ন কারবারীদের নিকট খুচরা ও পাইকারি জালনোট ও জাল রেভিনিউ ষ্ট্যাম্প বিক্রি করতেন।
গ্রেপ্তার আসামিদের অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ইতোমধ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে। তাদের বাকি সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওই গোয়েন্দা কর্মকর্তা।


