ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের জাবেদ আলী (৫৫) ও বাদে অরুয়াইল গ্রামের আন্নর আলী (৩৫)।
আহতরা হলেন- আলী হোসেন, ময়দর আলী ও আবু তাহের।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে জেলা সরাইল উপজেলার অরুয়াইল বাজার থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান আশুগঞ্জের সোনারামপুর ফাইভ স্টার রাইস মিলের সামনে যমুনা ওয়েল কোম্পানির একটি তেলের ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই কাঁচামাল ব্যবসায়ী নিহত হন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, লরিটি আটক করা হয়েছে।


