বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইউএনও মাদকসেবী: এডিসির নেতৃত্বে তদন্ত কমিটি

Rassel_ManzoorUNO-Birgonj_Newsworldbdদিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মঞ্জুরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় এ তদন্ত কমিটি গঠন করেন দিনাজপুর জেলা প্রশাসক খায়রুল আলম।

জেলা প্রশাসক জানান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান মিয়াকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও রাসেল মঞ্জুর অভিযোগের বিষয়টিকে ‘সাজানো নাটক’ বলে উল্লেখ করেছেন।

গত ১৬ সেপ্টেম্বর বীরগঞ্জে মেহেদী হাসান রবিন (২৬) নামের বগুড়ার এক যুবককে আটক করে স্থানীয় জনতা। অভিযোগ করা হয়, ওই যুবক ইউএনওকে ইয়াবা সরবরাহ করেন।

পরে ইউএনওকে জড়িয়ে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা সাঈদ সিদ্দিকী মিলন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ইউএনও রাসেল মঞ্জুর বলেন, ‘কিছু ঘটনাকে কেন্দ্র করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম এই ইয়াবা নাটক সাজিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছেন।’ তিনি আরো বলেন, সুষ্ঠু তদন্ত হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

আরও পড়ুন