মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দুর্নীতির তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত অধিদফতর (এফবিআই)। নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি (১মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ) থেকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৭০ কোটি ডলার সরিয়ে নিয়েছেন। ১এমডিবির চেয়ারম্যান পদে আছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। রাজাকের বিরুদ্ধে এ্ই অভিযোগ তুলে গত মাসে আন্দোলন করেছিলেন বার্সিহ জোটের কর্মীরা।
এফবিআই’র ১এমডিবি থেকে অর্থপাচারের (কার্যত নাজিব রাজাকের দুর্নীতি) অভিযোগের তদন্ত শুরুর এ খবরটি রোববার দিয়েছে নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তবে, ‘এ বিষয়ে একজন ঘনিষ্ঠ ব্যক্তি’র বরাত দিয়ে খবরটি দিয়েছে তারা।
খবরটি নিয়ে এফবিআই বা ১এমডিবি’র কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মালয়েশিয়ার ক্ষমতাসীন দলের একজন সাবেক নেতা যুক্তরাষ্ট্র যাওয়ার প্রাক্কালে আটক হওয়ার পর এ তদন্ত কার্যক্রমের খবর এলো। প্রধানমন্ত্রীর দুর্নীতি খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানোর জন্য সেখানে যাচ্ছিলেন ওই ক্ষমতাসীনদের ওই সাবেক নেতা।
পশ্চিমা সংবাদমাধ্যম বলছে, অর্থ সরানোসহ ১এমডিবি অব্যবস্থাপনায় অভিযোগের শূলে চড়ছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এসব অভিযোগ ওঠার প্রেক্ষিতে ১এমডিবি‘র সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দেশ ও সংস্থাও তদন্ত শুরুর উদ্যোগ নিচ্ছে। অভিযোগ তদন্তের কথা জানিয়েছে সুইজারল্যান্ড ও হংকংও।


