বুধবার ৪ নভেম্বর ২০২৬

গরুর হাট নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, নিহত ২

golaguliগরুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপে দুপক্ষের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল পাঁচটার দিকে সন্দ্বীপ পৌরসভার বাতেন মার্কেট এলাকায়। সংঘর্ষে লিপ্ত দুপক্ষই ক্ষমতাসীন দলের সমর্থক বলে জানা গেছে।

নিহতরা হলেন- মো. কবির (৪৫) ও জাহাঙ্গীর (৪০)। এদের মধ্যে মো. কবির একটি প্রসাধনী কোম্পানির ডেলিভারিম্যান বলে জানা গেছে। তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।

স্থানীয়রা আরও জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে বাতেন মার্কেট এলাকায় বসা গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় জাফর ও মিশু গ্রুপ। এসময় উভয় পক্ষের গুলি বিনিময়ে মো. কবির ও মো. জাহাঙ্গীর ঘটনাস্থলে নিহত হন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষের দুইজন নিহত হয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন