বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

moulovibazarমৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও এলাকায় এই ঘটনায় নিহতের নাম মুক্তা বেগম (২১)। আটক স্বামীর নাম এরশাদ মিয়া (২৫)।

প্রতিবেশীরা জানান, এরশাদ মিয়া ও মুক্তা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এর জের ধরে সোমবার ভোররাতে এরশাদ তার স্ত্রীকে লাঠিপেটা করে গলা টিপে হত্যা করেন। ঘরের ভিতর মারামারি টের পেয়ে প্রতিবেশীরা পুলিশকে জানালে পুলিশ মুক্তা বেগমের লাশ উদ্ধার করে এরশাদ মিয়াকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমদ জানান, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে এবং নিহতের স্বামী এরশাদ মিয়াকে আটক করেছে। ময়না তদন্তের জন্য মুক্তা বেগমের মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বলে জানান তিনি।

আরও পড়ুন