দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। সময়মতো ডাক দেওয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানাতে আসা দলীয় নেতাকর্মীদের এ কথা বলেন ফখরুল।
এর আগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইউএস-বাংলার একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত করে তোলেন। পরে মির্জা ফখরুল সবার কাছে দোয়া কামনা করেন ও দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানান। সবশেষে মোটর শোভাযাত্রা সহকারে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
কারাভোগ ও বিদেশে চিকিৎসা শেষে দীর্ঘ ৬ মাস পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর আসেন মির্জা ফখরুল।


