প্রবল বৃষ্টির পানির তোড়ে একটি কালভার্ট ভেঙে পড়েছে। ওই সময় কালভার্টে থাকা একটি অ্যাম্বুলেন্সও নিচে পড়ে পানিতে ভেসে যায়। এতে অ্যাম্বুলেন্সের ভেতরে আটকা পড়ে মারা গেছেন চালক আবেদ আলী। তিনি গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক ছিলেন।
মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ১৫ কিলোমিটার দূরে নবাবগঞ্জ-উত্তরা মল্লিক সড়কের সরজন জোড়াপাকুড়তলায় এ দুর্ঘটনা ঘটে।
আবেদ আলী রহনপুর পৌর এলাকার হঠাৎপাড়ার আবদুল ওহাব আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মত্তুর্জা জানান, রাতে এক রোগীকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন আবেদ আলী। সেখান থেকে ফেরার পথে সরজন এলাকায় কালভার্ট ভেঙে অ্যাম্বুলেন্সটি গর্তে পড়ে যায়। পরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের কর্মীরা অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আবেদ আলীর মরদেহ উদ্ধার করে। কালভার্ট ভেঙে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কে সরাসরি যান চলাচল বন্ধ আছে। তবে বিকল্প পথে যানবাহন চলছে।
সড়ক ও জনপথ বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী মনসুরুল আজিজ জানান, খাদের মুখে আরসিসি রিং পাইপ দিয়ে খোয়া-বালি ভরাট করে সড়কটি দ্রুত মেরামতের চেষ্টা চলছে। যেন ঈদে ঘরমুখো যাত্রী সাধারণ দুর্ভোগের মুখে না পড়ে।


