বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজকাহিনী: প্রশংসা কুড়াচ্ছে নতুন করে গাওয়া জন গণ মন

Raj-kahini2‘রাজকাহিনী’ মুক্তির আগেই প্রশংসা কুড়াচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। ভারতীয় জাতীয় সঙ্গীত ‘জন গন মন’ নতুন করে গাওয়া হয়েছে ‘রাজকাহিনী’ ছবিতে, বাংলায় এই গানটি গেয়েছেন পশ্চিমবঙ্গের প্রথিতযশা সঙ্গীতশিল্পীরা। আর এই গানের জন্যই বাহবা পাচ্ছেন সৃজিত। এনডিটিভির অনলাইন সংস্করণে শুধু গানের খবরটি প্রকাশই নয়, করা হয়েছে প্রশংসাও।

বাংলায় গাওয়া গানটির শিরোনাম ‘ভারত ভাগ্য বিধাতা’। ১৯৪৭ সালের দেশবিভাগের ঘটনাকে অবলম্বন করে সৃজিত নির্মাণ করেছেন নতুন ছবি ‘রাজকাহিনী’। এই ছবিতেই দর্শক শুনতে পাবেন নতুন আয়োজনে সাজানো এই গানটি। এরইমধ্যে ইউটিউবে শ্রোতা-দর্শকদের জন্য মুক্তি দেওয়া হয়েছে গানটি। বাংলা গানের শীর্ষস্থানীয় শিল্পীরাই কণ্ঠ দিয়েছেন এই গানে। এর মধ্যে রয়েছেন কবীর সুমন, রূপংকর বাগচি, অনুপম রায়, শ্রাবণী সেন, শ্রীকান্ত আচার্য্য, বাবুল সুপ্রিয়র মতো শিল্পীরা। শিল্পীদের দেখা মিলবে গানটির ভিডিওতেও।

গানের সঙ্গে সঙ্গে মিলবে পুরো ছবির দৃশ্যপট এবং কলাকুশলীদের। ঋতুপর্ণা, যীশু, আবির, শাশ্বত, আবিরদের সাথে বাংলাদেশের জয়া আহসানকেও দেখা যাবে এই ভিডিওতে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি ১‌৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘জন গন মন’ গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় ১৯৫০ সালের ২৪ জানুয়ারি। এই গানটির রচয়িতা এবং সুরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

আরও পড়ুন