বুধবার ৪ নভেম্বর ২০২৬

চিত্রগ্রাহক প্রেমিককেই বিয়ে করলেন স্বাগতা

Zinat+Sanu+Swagataবিয়ের পিঁড়িতে বসলেন নায়িকা জিনাত সানু স্বাগতা। বুধবার রাতে স্বাগতাদের মগবাজারের বাসায় ঘরোয়াভাবে হয়ে গেল বিয়ের আনুষ্ঠানিকতা। এর আগে গত মে মাসে রাশেদ জামানের সঙ্গে আংটি বদল করেন স্বাগতা।

স্বাগতার স্বামী রাশেদ জামান পেশায় একজন চিত্রগ্রাহক। বর্তমানে তিনি অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ সিনেমার চিত্র গ্রহণের দায়িত্ব পালন করছেন।

স্বাগতা এখন চ্যানেল নাইনে প্রচারিত ধারাবাহিক ‘ধন্যি মেয়ে’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।

স্বাগতা বললেন, ‘‘ভালবাসার মানুষকে বিয়ে করতে পেরে আমি দারুণ খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

আরও বললেন, “শুধু পরিবারের সদস্যদের নিয়ে ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলেও এ বছরের শেষেই সবাইকে জানিয়ে করবো বিবাহোত্তর অনুষ্ঠান। আগামী বছরের শুরুতেও হতে পারে।”

কথা বললেন তার স্বামী রাশেদ জামানও, “আমরা যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন।”

মধুচন্দ্রিমায় যাচ্ছেন কি না জানতে চাইলে বললেন, “যাওয়ার পরিকল্পনা আছে। ঈদের পর দুজনে মিলে বিষয়টি চূড়ান্ত করব। পছন্দের তালিকায় কক্সবাজার, থাইল্যান্ড আর ইস্তানবুল। এখন দেখা যাক, কোথায় যাওয়া হয় শেষ অবধি”।
২০০৫ সালে ‘ইউ গট দ্য লুক’ – এর শীর্ষ বিজয়ী স্বাগতা ছোট পর্দার পরিচিত মুখ। ২০০৭ সালে মান্নার বিপরীতে ‘শত্রু শত্রু খেলা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। সিনেমায় অবশ্য পরে তেমন একটা দেখা যায়নি তাকে।

আরও পড়ুন