টানা দুইদিন তেমন বিক্রি না থাকলেও বুধবার মধ্য রাতে জমে উঠে ঢাকার বিভিন্ন পশুর হাট।
রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে বুধবার রাতে এমন চিত্রই দেখা যায়। সরেজমিন ঘুরে দেখা যায়, পশুর হাটগুলোতে মধ্য রাতেও ক্রেতা সমাগম। বিক্রিও হচ্ছে। তবে বরাবরের মতো অভিযোগ রয়েছে দামের।
ক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত দাম হাকছেন বেপারীরা। অন্যদিকে বেপারীরা বলছেন, দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। বিগত বছরের তুলনায় দাম কিছুটা বেশি স্বীকার করছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই।
মালিবাগ থেকে গরু কিনতে আসা সিজান বলেন, গরু কিনেছি এটাই আনন্দের। গত বছরের তুলনায় দাম প্রায় ২০ শতাংশ বেশি।
একই কথা বললেন কমলাপুর হাট ঘুরে আসা মিজান। তিনি বলেন, বেপারীরা দাম ছাড়ছেন না। কমলাপুর হাট ঘুরে এসেছি। গরু আছে অনেক, দামও অনেক।
আফতাব নগর হাটের স্বেচ্ছাসেবক মান্নান সরদার দ্য রিপোর্টকে বলেন, আজ অনেক গরু ছাড়ছে (বিক্রি হয়েছে)। এখনও ছাড়তাছে।
কী পরিমাণ (সংখ্যক) গরু আজ বাজারে আসছে জানতে চাইলে তিনি বলেন, গেল দুই দিনের তুলনায় আইজ গরু কম।
পাবনা থেকে গরু বিক্রি করতে আসা বাবুল মিয়া বলেন, আপনাগের দিতে আইছি, আপনারা নিয়ার (নেওয়ার মতো দাম) দাম দিয়া নিয়ে যান।


