জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মো. মিজানুর রহমান। আবহাওয়া অনুকূলে থাকায় লাখের বেশি মুসল্লি জাতীয় ঈদগাহের নামাজে শরিক হয়েছেন।
অন্যান্যবারের মতো এবারের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, উচ্চ আদালতের বিচারক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেশের প্রধান এই ঈদ জামাতে শরিক হন।
প্রতিবছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় এই ঈদ জামাতের আয়োজন হয়ে থাকে। ঈদের নামায শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাজারো মানুষকে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের খুশি ভাগাভাগি করার দৃশ্য দেখা যায়।
প্রধান জামাতে রাষ্ট্রপতি অংশগ্রহণ করায় জাতীয় ঈদগাহ ময়দানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ছিল। চারপাশে প্রায় আধাকিলোমিটারের আগেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
বায়তুল মোকাররমে জামাত:
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাতটায় এই জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত পরিচালনা করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে সর্বসাধারণ অংশগ্রহণ করেন।
এ ছাড়া সকাল ৮টা ও সকাল ৯টার জামাত যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে। আরও দু’টি জামাত সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাত শেষেই বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বলেন, এবারের ঈদে জাতীয় মসজিদে ২ টি জামাত অনুষ্ঠিত হয়েছে। বাকি দুটি জামাতও যথাসময়ে অনুষ্ঠিত হবে।


