জঙ্গি হামলা হতে পারে- এমন তথ্য পেয়ে বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে অস্ট্রেলিয়া। দুইদিন বাদেই আগামী সোমবার ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় এমন কথাও বলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
আগামী সোমবার বাংলাদেশের উদ্দেশে সিডনি ছাড়ার কথা স্টিভ স্মিথের দলের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি’র কারণে দলটির সফর পরিকল্পনা দেরি করছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ (ডিএফএটি) থেকে আমাদের পরামর্শ দেওয়া হয়েছে। এবং নিরাপত্তা বিশেষজ্ঞ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সফরসূচি নিয়ে কাজ করছি আমরা।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘আমরা চাই সফরটি ঠিকমতো হোক, এ নিয়ে পরিকল্পনাও আছে আমাদের। কিন্তু আমাদের ক্রিকেটার ও অন্যান্য কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ নিয়ে কোন ছাড় দেওয়া যাবে না।’
সাদারল্যান্ড আরো বলেন, ‘দলের সফর সম্পর্কে জানাতে আমরা নিরাপত্তা সংক্রান্ত আরো তথ্যের জন্য সপ্তাহের শুরু পর্যন্ত অপেক্ষা করব।’
গত শুক্রবারই অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য সংক্রান্ত বিভাগ (ডিফ্যাট)বাংলাদেশ সম্পর্কে জানায় যে, এখানে (বাংলাদেশে) অস্ট্রেলিয়ানদের জন্য ঝুঁকি আছে। এ বিষয়ে ডিফ্যাটের কাছে ‘বিশ্বস্ত সূত্র’ আছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী সোমবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল অস্ট্রেলিয়া দলের।
আগামী ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ও ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা।
সফরসূচিতে ৩ অক্টোবরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও আছে।


