একুশ শতক ভারতের বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে দেওয়া ভাষণে মোদি এ মন্তব্য করেন। আজ সোমবার দ্য হিন্দু পত্রিকার অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের মানুষের মনোভাবে পরিবর্তন এসেছে। তারা এখন বলছে, একুশ শতক ভারতের।
মোদি বলেন, ‘একুশ শতক কার—তা নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। একুশ শতক এশিয়ার বলে সবার বিশ্বাস। কিন্তু এখন মানুষ বলছে, একুশ শতক ভারতের। বিশ্ব এখন এটা বিশ্বাস করতে শুরু করেছে।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের মনোভাবে এই পরিবর্তন কে এনেছে? ‘‘মোদি মোদি” স্তুতিতে এই পরিবর্তন আসেনি। ১২৫ কোটি ভারতীয় এই পরিবর্তন এনেছে।’
যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগে ভারতকে উপহাস করত বিশ্ব। এখন তারা ভারতকে কেন্দ্র হিসেবে দেখছে। একসময় বিশ্বের নাগাল পেতে মরিয়া ছিল ভারত। এখন বিশ্ব ভারতের সঙ্গে থাকতে চায়।’


