নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন মনে করেন, ঢাকায় ইতালির নাগরিককে হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত। তবে তিনি এ ঘটনায় আইএস জড়িত থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেন।
ব্রিগেডিয়ার সাখাওয়াত মঙ্গলবার বলেন, ‘আইএসের হত্যার ধরন এমন নয়। তারা প্রথমে অপহরণ করে, মুক্তিপণ চায় এবং তারপর হত্যা করে কিংবা ছেড়ে দেয়। কিন্তু আইএস বাংলাদেশে এমনটা করতে যাবে কেন সেটাও বোঝা যাচ্ছে না’।
তিনি আরও বলেন, ‘ইতালির নাগরিককে কেন হত্যা করা হয়েছে তার একটা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন। এই হত্যার ঘটনা জঙ্গি হামলা কিনা সেটা জানি না। তবে এ ঘটনার প্রভাব বাংলাদেশের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর। এখন অনেক প্রভাবশালী দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে’।
বাংলাদেশে জঙ্গি ভাবমূর্তির ব্যাপারে দায়িত্বশীল ব্যক্তিদের অবিবেচনাপ্রসূত মন্তব্যকে দায়ী করেন এই নিরাপত্তা বিশ্লেষক। তিনি বলেন, ‘দায়িত্বশীল ব্যক্তিরা সারাক্ষণ জঙ্গি জঙ্গি করছে। বিদেশী দূতাবাসগুলো এ বিষয়ে নোট নিচ্ছে। এখন মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার ক্রিকেট দল আর আসবে না। ক্রিকেট দলের সফরের সিদ্ধান্ত ক্রিকেট দল নিজেরা নেয় না। সরকারের পররাষ্ট্র দফতর থেকে নেয়া হয়’।
ব্রিগেডিয়ার সাখাওয়াত আরও বলেন, ‘অনেকে বলেন ষড়যন্ত্র হচ্ছে। এটা মুখে বললে হবে না। সেই ষড়যন্ত্রেরও একটা প্রমাণ থাকতে হবে। সব ঘটনাকে রাজনৈতিক কালার দেয়াও সমীচীন নয়’। তিনি এ ঘটনা তদন্তে ইতালির গোয়েন্দা সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছেন।


