গুলশানে কূটনৈতিক জোনে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে বিদেশী নাগরিক খুন হওয়ার পর পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার রাতে ঘটনার পর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডা বাংলাদেশে তাদের দেশের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করে।
আমেরিকান ক্লাব পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক হোটেলসহ যে স্থানে বিদেশীরা সমবেত হন, এমন স্থানে যাওয়া সীমিত করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।
ঢাকার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে। জরুরি প্রয়োজন ছাড়া অন্যদের দূতাবাসে আসতে নিষেধ করা হয়েছে।
কানাডা সরকারের ভ্রমণ সতর্কতা বিষয়ক ওয়েবসাইটে বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি এবং ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে তাদের দেশের নাগরিকদের উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।


