জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে দুদকের করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সংসদ সদস্য আবদুর রহমান বদির করা রিট হাইকোর্টে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নিম্ন আদালতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে আর বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বদির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর হালদার। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, বদির দায়ের করা রিট অবেদনটি ‘নট প্রেস রিজেক্ট’ করে দিয়েছেন আদালত।
কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের করা মামলাটির বিচার কার্যক্রম চলছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদারের আদালতে। গত ৮ সেপ্টেম্বর আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গত বছর ২১ আগস্ট দুদকের উপপরিচালক আবদুস সোবহান ঢাকার রমনা থানায় সাংসদ বদির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের এই মামলা করেন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


