মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনে সম্মতি দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। তারা ৫ দফা দাবি উত্থাপন করে কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী শনিবার দেশের সব বিভাগীয় ও জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেন।
সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, আন্দোলনরত মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ-মিছিলের কর্মসূচি ঘোষণা করা হলো।
৫ দফা দাবিগুলো হলো- ফাঁস হওয়া প্রশ্নপত্রে মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল করা, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার, আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তি দেওয়া এবং পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়া।
ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচি সফলের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।


