বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঋণের তথ্য লুকানো কঠিন হল: এসেছে নতুন সিআইবি সফটওয়্যার

B_Bank_bankক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট অনলাইনে এক সেকেন্ডেরও কম সময়ে পাবে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। ‘নিউ সিআইবি অনলাইন সলিউশন’ সেবা চালুর মাধ্যমে তথ্য প্রাপ্তিতে এই গতি আনা হয়েছে বলে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ বিভাগ। এই বিভাগ ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ গ্রহীতাদের তথ্য-উপাত্ত সংরক্ষণ করে।

ঋণ গ্রহণে আগ্রহী কোনো ব্যাক্তি ও প্রতিষ্ঠান ইতোপূর্বে ঋণ নিয়েছে কি না বা নিয়ে থাকলে তার অবস্থা, সংশ্লিষ্ট ব্যক্তি ঋণ খেলাপি কি না, তা সিআইবির প্রতিবেদন থেকে জানা যায়।

এতোদিন বিদেশি সফটওয়্যার ব্যবহার করে এ সেবা দিত কেন্দ্রীয় ব্যাংক। ১ অক্টোবর থেকে ব্যাংকের নিজস্ব উদ্যোগে নিজস্ব জনবল দ্বারা প্রস্তুত সিআইবি অনলাইন সলিউশনের মাধ্যমে এই সেবা চালু করা হয়েছে।

“নিজস্ব উদ্যোগে এ সলিউশন তৈরির ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বিদেশি ভেন্ডরের উপর নির্ভরশীলতা থাকছে না।পূর্বের তুলনায় অনেক কম সময়ে (১ সেকেন্ডের কম) ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান সিআইবি রিপোর্ট নিতে সক্ষম হবে।”

নতুন সফটওয়্যার ব্যবহারে আগের অনেক সীমাবদ্ধতা কাটানো হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১৯৯২ সালে বিশ্ব ব্যাংকের আর্থিক খাত সংস্কার প্রকল্পের আওতায় সিআইবি প্রতিষ্ঠা করা হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার কমিয়ে আনাই ছিল এর প্রধান উদ্দেশ্য।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সিআইবি প্রতিবেদনের সহায়তা নিয়ে নতুন ঋণ বিতরণ এবং ঋণ পুনঃতফসিলীকরণের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা কমিয়ে আনতে পারে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রত্যেক মাসের বিতরণ করা ঋণের তথ্য সিআইবিতে পাঠানো বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কোনো ঋণ পুনঃতফসিল করা হলেও তার তথ্য সিআইবিতে পাঠাতে হয়। কোনো ঋণ অবলোপন করা হলেও তার তথ্য সিআইবিতে রিপোর্ট করতে হয়।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, “নিউ সিআইবি অনলাইন সলিউশনের জন্য আপনাদের প্রতিষ্ঠানকে ইতোমধ্যে সরবরাহ করা ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে ১ অক্টোবর থেকে নতুন সিস্টেমে সিআইবি রিপোর্ট প্রস্তুত করা হবে।”

আরও পড়ুন