বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি চেয়ে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু যুব মহাজোট। শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এদিকে এ বছর বিজয়া দশমী ২২ অক্টোবর বৃহস্পতিবার হলেও এ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ২৩ অক্টোবর শুক্রবার। দশমীর ছুটি ২২ অক্টোবর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি সুমন কুমার রায় বলেন, ‘দুর্গাপুজায় পাঁচ দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। কিন্ত মাত্র একদিনের সরকারি ছুটি থাকায় পরিবার পরিজন নিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ ও আনন্দ উপভোগ করার সুযোগ থাকে না। তাই আমরা চাই পুজায় অন্তত তিনদিনের ছুটি দেওয়া হোক।’
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গোবিন্দ চৌধুরী, সুমন সরকার, শুভ মহন্ত প্রমুখ।


