পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী বিনির্মাণে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার মধ্যরাতে বনানী থেকে এয়ারপোর্ট রোর্ড পর্যন্ত প্রধান সড়কের পাশে বিলবোর্ড সরানোর কাজ শুরু হয়।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুল ইসলাম সাংবাদিকদের জানান, অবৈধ বিলবোর্ড সরিয়ে ফেলার জন্য বিলবোর্ড মালিকদের অনেক সময় দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো না সরানোর কারণে সিটি করপোরেশন বাধ্য হয়েই এই অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, ‘এখন আল্টিমেটলি সবই অবৈধ। অবৈধ বিলবোর্ডের তালিকাগুলো আমাদের কাছে রয়েছে। যেগুলো পারছি একে একে এ স্টেপগুলো আমরা হাতে নিয়েছি।’
বিলবোর্ড বিক্রি প্রসঙ্গে সামসুল ইসলাম বলেন, ‘নিলাম প্রক্রিয়ায় এগুলো বিক্রি করা হয়। আমরা সাধারণত স্পট নিলাম করে থাকি। সর্বোচ্চ দরদাতা যিনি থাকেন তাদেরকে আমরা এটি দিয়ে দেই এবং তাদের কাছ থেকে যে টাকাগুলো আমরা পাই সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেই।’
এ ছাড়া একে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে রাজধানীকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড মুক্ত করা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অবৈধ বিলবোর্ড সরাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বেঁধে দেওয়া সময় গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়। এর মধ্যেও বিলবোর্ড ব্যবসায়ীরা তা সরিয়ে না নিলে গতকাল মধ্যরাত থেকে ঢাকা উত্তরে বিলবোর্ড অপসারণ শুরু হয়।


