হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় আওয়ামী লীগ নেতাসহ বাসের ৭ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৮ জন। শুক্রবার রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের জালালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশের স্ত্রী মুর্শেদা বেগম (৪০) ও সেনা কর্মকর্তা আবু সালেহ। তবে ঘটনাস্থলে নিহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, শুক্রবার রাতে হানিফ পরিবহনের একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশুসহ পাঁচজন মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের এসআই নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বাসটি আটক করেছে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


