জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে আজ শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১১টা ২৩ মিনিটের দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে যাত্রাবিরতি শেষে আজ দুপুর দেড়টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত দেড়টার দিকে লন্ডন থেকে দেশের উদ্দেশে যাত্রা করেন তিনি।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী ‘চ্যাম্পিয়নস অব দি আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ পাওয়ায় এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীরগেট, জাহাঙ্গীরগেট থেকে বিজয় সরণী ও জাতীয় সংসদভবন হয়ে গণভবন পর্যন্ত পুরো সড়কের দুই ধারে দাঁড়িয়ে এ সংবর্ধনা জানানো হবে।
১৪ দলের সমন্বয়ক মো. নাসিম অভ্যর্থনা আয়োজনে রাজধানীবাসীকে সতঃস্ফূতভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এদিকে সড়কে অভ্যর্থনা আয়োজনের জন্য যাতে যানজটের সৃষ্টি না হয় সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। সেখানে গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন তিনি।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্রসচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।
এ ছাড়া এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে ১১৯ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফরকালে শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন।



