রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার দায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে মুখোশধারীদের গুলিতে নিহত হন কুনিও, যিনি ওই এলাকায় একটি জমি ইজারা নিয়ে ঘাসের খামার করছিলেন।
আইএসের এক টুইটে ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়েছে বলে রাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।
জঙ্গি গোষ্ঠীটি আরও হামলা চালানোর হুমকি দিয়েছে জানিয়ে তাদের টুইট উদ্ধৃত করে রয়টার্স বলেছে, “ধর্মযুদ্ধে অংশগ্রহণকারী জোটের দেশগুলোর নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মুসলমানদের মাটিতে তাদের নিরাপত্তা বা জীবিকা থাকবে না।”
পরে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ও আইএসের পক্ষ থেকে বাংলাদেশে জাপানি নাগরিককে হত্যার দায় স্বীকারের কথা জানায়।
এর আগে গত সোমবার ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা খুন হওয়ার পরও আইএস ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বার্তা দেয় বলে জানিয়েছিল ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।
তবে ওই হত্যাকাণ্ডে আইএসের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ ‘পাওয়া যায়নি’ জানিয়ে তাদের দাবি নাকচ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর সামনে রেখে গত মাসে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)।
কুনিও হোশি পরে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি দেখতে দেশটির একটি প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্যে ২৮ সেপ্টেম্বর গুলশানে কূটনীতিকপাড়ায় খুন হন তাভেল্লা। এরপর নিরাপত্তা ঝুঁকির কথা বলে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া।
এরইমধ্যে যুক্তরাজ্য তাদের নাগরিকদের বাংলাদেশে চলাফেরা সীমিত করে আনার পরামর্শ দেয়। সে সময় দেশটির পক্ষ থেকে বলা হয়, “জঙ্গিদের কাছ থেকে হুমকি রয়েছে। সেপ্টেম্বরের শেষদিকে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের উপর জঙ্গিদের আঘাত হানার পরিকল্পনর নির্ভরযোগ্য তথ্য রয়েছে।”
পরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ বাংলাদেশে তাদের কূটনীতিক ও নাগরিকদের চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দেয়।
শনিবার কুনিও খুন হওয়ার পর এক বিবৃতিতে তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট।
“এ হত্যাকাণ্ডের সব দিক খতিয়ে দেখা এবং যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি,” বলেন তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার বেলা ১১টার দিকে রংপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে মাহিগঞ্জের পাশের আলুটারি গ্রামে রিকশায় করে খামারে যাওয়ার পথে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ৬৬ বছর বয়সী কুনিও হোশি। এ হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের পাশের বাড়ির একজনসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।


