এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ চীনের অর্থনৈতিক অস্থিরতা বাংলাদেশের ওপর খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এর কারণ হিসেবে তারা নির্দেশ করছেন, বাংলাদেশের রেমিট্যান্স নির্ভর অর্থনীতি। তাই অন্যান্য এশিয়ান দেশের মতো চীনা ইউয়ানের সঙ্গে তাল মিলিয়ে মুদ্রার মান কমানোর আগে আরও চিন্তা-ভাবনা প্রয়োজন বলেও মনে করছেন তারা।
বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ চীন। কিন্তু গত এক বছরেরও বেশি সময় ধরে মন্থর গতিতে চলছে চীনা অর্থনীতি। যার প্রভাব পড়ছে এ অঞ্চলের অন্যান্য দেশের ওপরও। পণ্যের রফতানি বাড়াতে সম্প্রতি চীন তাদের মুদ্রা ইউয়ানের মান কমানোয় তাদের সঙ্গে তাল মেলাতে ভারতসহ এশিয়ার বেশ কিছু দেশই মুদ্রার মান কমায়।
দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বাংলাদেশের ওপর এর কোনো প্রভাব পড়বে কি না? এক্ষেত্রে সরাসরি কোন প্রভাব না পড়লেও বিশ্ববাজারে রফতানির প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশেরও মুদ্রার মান সমন্বয় করা উচিত ছিলো বলে মনে করেন ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ।
তবে রপ্তানি বাণিজ্যের চেয়েও দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বেশি থাকায় আন্তর্জাতিক বাজারের অস্থিরতা তেমন কোন প্রভাব ফেলবে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তাই মুদ্রা ব্যবস্থাপনায় কোন সিদ্ধান্ত নেয়ার আগে বিশ্ব অর্থনীতির গতি পরিবর্তন বিশ্লেষণের পরামর্শ দিলেন অর্থনীতিবিদ এম এম আকাশ।
তবে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস রেমিটেন্সের প্রবাহ ঠিক রাখতে প্রবাসীদের উৎসাহিত করতে প্রয়োজনে ডলারের আলাদা দাম নির্ধারণ করা যেতে পারে বলেও মত বিশ্লেষকদের।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


