যশোরের চৌগাছায় ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীরা এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে। রোববার বিকালে চৌগাছা উপজেলা পরিষদ এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ভিকটিমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। এরা হলো- চৌগাছা পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি উজ্জ্বল হোসেন, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুল মজিদের ছেলে পৌর ছাত্রলীগ নেতা সানি এবং ছাত্রলীগ কর্মী শিমুল। ঘটনার শিকার মেয়েটির বাড়ি চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামে। সে উপজেলার পাতিবিলা হাজি শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে ওই স্কুলছাত্রী তার চাচাতো বোন ও বন্ধুকে নিয়ে চৌগাছা বাজারে বেড়াতে আসে। পরে মেয়েটির চাচাতো বোন কেনাকাটা করতে গেলে তারা দুজন পাশেই চৌগাছা শাহাদৎ পাইলট স্কুলের খেলার মাঠে বসে গল্প করছিল।
এ সময় ছাত্রদল নেতা উজ্জ্বল, ছাত্রলীগ নেতা সানি, ছাত্রলীগ কর্মী শিমুল ও আল-আমিন ওই স্কুলছাত্রীর বন্ধুকে মারধর করে তার মোবাইল কেড়ে নিয়ে তাড়িয়ে দেয়। পরে তারা মেয়েটিকে জোর করে উপজেলা পরিষদের পার্শ্ববর্তী আল-আমিনের ভাড়া করা বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে পালাক্রমে ধর্ষণ শুরু করলে মেয়েটির চিৎকারে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা উজ্জল, ছাত্রলীগ নেতা সানি ও শিমুলকে গ্রেফতার করেছে। তারা সবাই পৌর এলাকার বাসিন্দা। চৌগাছা থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা মেয়েটিকে গণধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করেছে।
তিনি জানান, ওই স্কুলছাত্রীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


