৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এবং লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মধ্যে ৮৭৫ জনের কাগজপত্রে গরমিল খুঁজে পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এজন্য সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএসসি ফরম-২-এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আগামী ২২ অক্টোবরের মধ্যে তাদের কাগজপত্র জমা দিতে হবে। গত ১ সেপ্টেম্বর থেকে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হবে ১০ অক্টোবর।
নির্ধারিত সময়ের মধ্যে আগারগাঁওয়ে পিএসসি সচিবালয়ে পরিচালক (ক্যাডার), বিসিএস পরীক্ষার দফতরে কাগজপত্র জমাদানে ব্যর্থ হলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রার্থিতা বাতিল করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংশ্লিষ্টদের তালিকা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) দেওয়া হয়েছে।
গত ৬ মার্চ সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে নতুন নিয়মে ২০০ নম্বরের ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ এপ্রিল ফল প্রকাশ করে পিএসসি, এতে উত্তীর্ণ হন ২০ হাজার ৩৯১ জন।


