বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সরকার নতুন করে ধরপাকড় শুরু করেছে: বিএনপি

bnp-flagসরকার বিরোধীদলকে দলনের লক্ষ্যে নতুন করে আবার ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ বিএনপির। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন। বিরোধী রাজনীতির চর্চার পথকে আরো সংকুচিত করতে সরকার অপপ্রয়াস চালাচ্ছে, অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান রিপন।

বিবৃতিতে ড. রিপন বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি-বিএনপি’র বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও পুনর্গঠন প্রক্রিয়ার প্রাক্কালে দেশের বিভিন্ন জেলা উপজেলায় দলীয় নেতাকর্মীদের নতুন করে ধরপাকড় শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া এবং কিশোরগঞ্জ সদর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় দলের ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি।

অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি এবং নেতাকর্মীদের হয়রানি না করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির এই মুখপাত্র। বলেন, আমরা উৎকন্ঠার মধ্যে লক্ষ্য করছি যে, সরকার বিরোধী মতকে দলন করার নীতি থেকে এখনও সরে আসেনি। আমরা অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করছি এবং নেতাকর্মীদের হয়রানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন