বুধবার ৪ নভেম্বর ২০২৬

আগেই যুক্তরাষ্ট্রের সতর্কের কথা স্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী

diplomate-brief-1-34310বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত ছিলেন।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগেই বাংলাদেশকে সতর্ক করেছিল বলেও স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, কূটনীতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বৈঠকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল, এক সপ্তাহের ব্যবধানে ২ বিদেশি নাগরিক খুন। ঘটনার আগে পরে পশ্চিমা বেশ কটি দেশ বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করে। জানায় উদ্বেগ আর উৎকণ্ঠা।

এ অবস্থায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার একদিনের ব্যবধানে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজন করে ব্রিফিংয়ের। আমন্ত্রণ জানায় বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, দাতা সংস্থার প্রতিনিধিদের।

মঙ্গলবার দুপুর না গড়াতেই রাষ্ট্রীয় অতিথি ভবনে একে একে যোগ দেন রাষ্ট্রদূতরা। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর পাশাপাশি এ বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরাও। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। স্বীকার করেন, আগেই যুক্তরাষ্ট্র সর্তক করেছিল বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার বিদেশিদের নিরাপত্তায় গুরুত্ব দেয়ায় বৈঠকে কৃতজ্ঞতা জানান কূটনীতিক কোরের ডিন রবার্ট গিবসন। মোট ৪৫টি দেশের রাষ্ট্রদূতরা যোগ দেন মঙ্গলবারের এ বৈঠকে।

ব্রিফিংয়ে দাবি করা হয়, বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এছাড়া বিদেশী নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার আন্তরিক বলেও কূটনীতিকদের জানানো হয়।

বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সাংবাদিকদের বলেন, সরকার নিরাপত্তা প্রশ্নে আমাদেরকে আশ্বস্ত করেছে। দুই বিদেশী নাগরিক হত্যায় সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে।তবে সরকারের কথায় আপনারা আশ্বস্ত কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান রবার্ট গিবসন।

এদিকে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিদেশীদের ওপর হামলা হতে পারে এমন আশংকার কথা আগেই সরকারকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তিনি বলেন, সরকার নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। একইসঙ্গে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

বৈঠকে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন